
মোঃ ইমন রিপোর্টার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার দাবিতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি, হয়রানি ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকারবঞ্চনার চিত্র তুলে ধরেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের নিরাপত্তাহীনতার শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, “একজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য মাঠে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। একজন সাংবাদিকের ওপর হামলা মানে পুরো সাংবাদিক সমাজের ওপর হামলা। তাই বিভাজন নয়, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা করতে হবে।” প্রধান অতিথির বক্তব্যে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “সাংবাদিক জাতির বিবেক, রাষ্ট্রের আয়না। সাংবাদিকরা নিরাপদে কাজ করতে না পারলে সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হবে।” তিনি সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. আনিস প্রধান, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব খায়রুল বাশাল লাবু ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান খান সাংবাদিকদের নিরাপত্তা ও সংগঠনগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, শাহিন আলম আশিক, মো. আজহার আলী, মো. হেকমত আলীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে সাংবাদিকদের ওপর হামলা-হয়রানি বন্ধ, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, নিরাপদ কর্মপরিবেশ, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সাংবাদিক সংগঠনগুলোর ঐক্য জোরদারের দাবি জানানো হয়।
Reporter Name 


















