
খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ মো. শাহজালাল ওরফে শাহেদ (২৫) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ডিবি পুলিশের একটি টিম শাহজালালের বসতঘরে তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যগুলো উদ্ধার করে। গ্রেফতারকৃত শাহেদ বাদুরা বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খবর পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে তার বাড়িতে অভিযান চলায়। এসময় হাতেনাতে মাদক উদ্ধারসহ শাহেদকে গ্রেফতার করা সম্ভব হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Reporter Name 



















