
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার পরিবারের আরও তিন সদস্যের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাতে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী তাদের অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন সম্পন্ন হয়। একই পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো কুষ্টিয়া জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেবাশীষসহ পরিবারের চার সদস্যের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। কফিনে মোড়ানো সহকর্মীর মরদেহ দেখে সেখানে উপস্থিত সাংবাদিকরা কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যা ৬টার দিকে মরদেহগুলো নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন স্বজন ও সংবাদকর্মীরা। রাত ১০টার দিকে দু’টি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আড়ুয়াপাড়ার বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী। পারিবারিক সূত্র জানায়, দেবাশীষ দত্ত সনাতন ধর্মাবলম্বী হলেও তার স্ত্রী আফসানা শারমিন ছিলেন মুসলিম পরিবারের সন্তান। বিয়ের পরও কেউ ধর্ম পরিবর্তন করেননি এবং দু’জনই নিজ নিজ ধর্ম পালন করতেন। সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মৃত্যুর পরও তাদের শেষকৃত্য পৃথক ধর্মীয় রীতিতে সম্পন্ন করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়ার মহাশ্মশানে বাবা দেবাশীষ ও তার তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তকে পাশাপাশি সমাধিস্থ করা হয়। অন্যদিকে, দেবাশীষের বাবা দিলীপ কুমার দত্ত জানান, তার পুত্রবধূ আফসানা শারমিন জীবিত অবস্থায় মাকে জানিয়েছিলেন, মৃত্যুর পর যেন তাকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়। সে অনুযায়ী, রাত আড়াইটার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে আফসানা শারমিন ও তার বাবা মো. আকরাম আলীকে কুষ্টিয়া পৌর গোরস্তানে পাশাপাশি দাফন করা হয়। দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের এক পরিচিত ও নিবেদিতপ্রাণ মুখ ছিলেন। তিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক এবং চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীদের মতে, পেশাগত জীবনে সততা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি সর্বত্র প্রশংসিত ছিলেন। সহকর্মীরা বলেন, দেবাশীষ শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সকলের আপনজন। তার এই অকাল মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকতায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
Reporter Name 



















