
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে ২৫টি সিমকার্ডসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উনচিপ্রাং এপিবিএন চেকপোস্ট-১ এলাকায় এ অভিযান চালানো হয়। ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে দ্রুত চলে যাওয়ার সময় জিয়াউর রহমান (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৫টি রবি ও ১০টি এয়ারটেল সিমকার্ডসহ মোট ২৫টি সিম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান এসব সিম রোহিঙ্গা ক্যাম্পে খুচরা বিক্রির জন্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এপিবিএন। পরে দুপুর ১টার দিকে তাকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালিত মোবাইল কোর্টে সরকারি আদেশ অমান্য করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধী সাব্যস্ত হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকেল ৩টার দিকে তাকে এপিবিএন স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার জিয়াউর রহমান ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বাসিন্দা। তার পিতার নাম নুরুল আলম। তার এফসিএন নম্বর ২৪৮৬৮৫। এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
Reporter Name 


















