
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার, জেলার ১৩টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করে। ময়মনসিংহ সদর উপজেলার প্রতিযোগিতার ভেন্যু প্রিমিয়ার আইডিয়াল স্কুলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে নেওয়া হয় একটি অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার প্রদান করা হয়। বিজ্ঞানমনস্কতার সঙ্গে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা—এই দুই চেতনার সমন্বয়ে আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন বিষয় জানার, গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী শনিবার ০৫ই সেপ্টেম্বর প্রিমিয়ার আইডিয়াল স্কুল, ময়মনসিংহ এ অনুষ্ঠিত হবে।
Reporter Name 


















