
জয়নাল আবেদীন রাজু। স্টাফ রিপোর্টার বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে প্রায় ৪০ ফুট উঁচু গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির উদ্দিন হাবিব (৩৫) নামে এক ব্যক্তি। পরে প্রাণ বাঁচাতে গাছের মালিককেই ডাকেন তিনি। খবর পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা পৌরসভার দক্ষিণ বরগুনা এলাকায় বেল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল হোসেনের বাড়িতে প্রায় ৪০ ফুট উঁচু নারিকেল গাছে ডাব চুরি করতে ওঠেন তার প্রতিবেশী দবির উদ্দিন হাবিব। এরপর রশির সাহায্যে ডাব নিচে নামানোর সময় হঠাৎ করে গাছে থাকা ভিমরুলের বাসায় আঘাত লাগে। এ সময় ভিমরুল আক্রমণ করলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন হাবিব। পরে প্রাণ বাঁচাতে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। ডাক-চিৎকার শুনে বাড়ির মালিক বেল্লাল হোসেন বাইরে এসে হাবিবকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে কাটা ডাবও পড়ে থাকতে দেখা যায়। পরে তিনি বরগুনা সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। বাড়ির মালিক বেল্লাল হোসেন জানান, সকালে ঘুম থেকে ওঠার পর বাইরে থেকে ডাকাডাকি ও চিৎকারের আওয়াজ শুনতে পান। এরপর বাইরে এসে দেখেন হাবিব গাছের নিচে পড়ে রয়েছে। পরে তিনি পুলিশকে খবর দেন। হাবিবের বিরুদ্ধে এলাকায় আগেও চুরির অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবিবকে উদ্ধার করা হয়। ৬টি ডাব কেটে রশির সাহায্যে নিচে নামানোর সময় তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Reporter Name 









