
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে ব্যবসায়ী বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই জাকিয়া সুলতানাকে পেছন থেকে এক যুবক লাথি মারছেন। পরে আরও আরও যুবক এগিয়ে এসে তাকে লাথি মারছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ জাকিয়া সুলতানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জাকিয়া রাজবাড়ীস্থ ‘আস্থা পোশাক শিল্প’-এর স্বত্বাধীকারি। তার দাবি, বৃষ্টি নামে প্রতিষ্ঠানের এক কর্মচারী, হিসাব-নিকাশ বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ দেন। তারপর থেকেই তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। জাকিয়া জানান, গত ২৩ আগস্ট বৃষ্টিসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় তিনি অভিযোগও করেন। তার মতে, দোকানে বেচাকেনা বেশি হওয়ায় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদ জানাতে তিনি লোকজন নিয়ে সেখানে গেলে তাকে মারধর করা হয়। জাকিয়া বলেন, শনিবার পুলিশ যখন তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে কয়েকজন যুবক এসে তার ওপর হামলা করেন। ভিডিওতে যাদের তাকে লাথি মারতে দেখা গেছে, তাদের কাউকেই তিনি চেনেন না। এমনকি এর আগে তাদের কাউকে কখনো দেখেননি বলেও দাবি করেন তিনি। তার দাবি, তার প্রতিষ্ঠানের সঙ্গে জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী শ্রমিক যুক্ত রয়েছেন। কাপড় বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এসব শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মচারী বৃষ্টি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কথা বলতে চাই না।’ তবে জাকিয়ার অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে ওই নারী নানা ধরনের অভিযোগ আনছেন। তার কারণে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারছি না। আজ ওই নারী কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা করেছেন। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টির সমাধান হয়েছে।
Reporter Name 



















