
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় বহুল আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৮। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে। রোববার (৩০ আগস্ট) দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম জানান, গত ২৫ জুন কাজের কথা বলে এক গৃহবধূকে (২৭) ঘরে ডেকে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ ওঠে সাইদুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সাইদুরকে আটক করেন। তবে পরে আপস-মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় সাইদুর রহমান ও মাইনুর বেগমকে আসামি করে মামলা রুজু করা হয়। মামলা হওয়ার পর থেকেই সাইদুর রহমান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাইদুর রহমানকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Reporter Name 

















