
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু। ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩ কেজি ওজনের দুটি বড় ইলিশ। মাছ দুটি নিলামে মোট ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মো. শরীফ ব্যাপারীর মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার। জেলে রফিক মাঝি জানান, রোববার মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই দুটি ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি আলাদা করে আড়তে এনে নিলামে বিক্রি করা হয়। মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, মাছ দুটির নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে ফরহাদ হাওলাদারের আড়তের কর্মচারী মাছ দুটি কিনে নেন। মাছ দুটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট রয়েছে। এ অবস্থায় জেলের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়া স্বস্তির বিষয়। সামনে আরও বড় আকৃতির ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।
Reporter Name 








