
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় ময়মনসিংহ-০৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-০৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-০৮ আসনের সংসদ সদস্য জনাব লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুল হাসান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অবহেলার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, একটি জেলার সার্বিক উন্নয়ন কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলোও সরাসরি সম্পৃক্ত। এসব ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা, জনসেবা, অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা জনগণের সমস্যা দ্রুত সমাধান, সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা অসংগতি যাতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় এবং সরকারি দপ্তরগুলোর পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে ময়মনসিংহ জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে মাঠ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম জনগণের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
Reporter Name 



















