
মোঃ নুরুল আমিন জেলা ব্যুরো মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুরে কাজের লোকের ছদ্মবেশে একদিনের কাজ নিয়ে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া সম্পূর্ণ মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হরিরামপুর থানার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে কাজের লোকের ছদ্মবেশে একদিনের কাজ নেন আশরাফুল ইসলাম। পরে গত ২৯ আগস্ট রফিকুল ইসলামের মেয়ের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই হরিরামপুর থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন পূর্ব-ছাপড়হাটি গ্রাম থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া সম্পূর্ণ স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 
















