
স্টাফ রিপোর্টার। জয়নাল আবেদীন রাজু বরগুনার আমতলীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনায় এক নারী ও ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বাইজিদ নামে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বরিশাল রেঞ্জের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে আমতলী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মো. বাইজিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মোসা. শাহানুর বেগম (৩৫) এবং তার ১৬ বছর বয়সী ছেলে, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সানাউল্লাহকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. বাইজিদ কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমতলী থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসেন জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুসহ পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reporter Name 



















