
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে কে-৯ ডগের সহায়তায় অভিযান চালিয়ে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিএনজিচালক আবুল মঞ্জুর (৪৯) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মাদকদ্রব্যের উপস্থিতি শনাক্ত করে ডগটি। পরে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে সিএনজিসহ চালককে আটক করা হয়। আটক আবুল মঞ্জুর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Reporter Name 


















