
অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত জামিন বিশ্বাস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মোঃ মিজানুর রহমান এবং পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস।
নিহত জামিন বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দা এবং মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৮ জুন উত্তেজনার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় ২১ জুন সকালে কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জামিন বিশ্বাস গুরুতর আহত হন। প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাতিজা মোঃ মিজানুর রহমান বলেন,
“জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আমার চাচা গুরুতর আহত হন। আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”
পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এমন প্রাণহানি কারও কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আমি সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই।”
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন,
“জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 



















