
স্টাফ রিপোর্টার:
সিলেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক পুলিশি সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা।
সোমবার (৩ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ডিআইজি মহোদয় নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
সাক্ষাৎকালে উভয় কর্মকর্তা সিলেট অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার এবং নাগরিকদের দোরগোড়ায় আরও কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ সময় সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জনআস্থা বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সিলেট রেঞ্জ ও এসএমপির সমন্বিত উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং নাগরিকরা আরও উন্নত, আধুনিক ও মানসম্মত পুলিশি সেবা পাবেন।
Reporter Name 

























