
নুরউদ্দিন খাঁন সোহাগ
ষ্টাফ রিপোর্টার
যশোর শহরে ডিবি পুলিশের বিশেষ একটি অভিযান চালিয়ে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হান্ডক্যাপ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।আটককৃতরা হলেন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের মো. উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের মো. আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার মোতোফাজ্জেল হোসেন (৩০)।
আটক ব্যক্তিরা বিজিবির সদস্য পরিচয় দিয়ে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালি মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা পাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামান।পুলিশ জানায়, অভিযানের সময় বাড়ির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দরজায় কড়া নাড়লে একজন ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে আরও দুজনকে পাওয়া যায়। তারা সবাই নিজেদের বিজিবির সদস্য দাবি করলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। তাদের কথাবার্তা ও আচার আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, তারা বিজিবির সদস্য নন। বরং বিজিবির পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি অভিযানে উজ্জল হোসেনের শয়নকক্ষ থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হান্ডক্যাপ দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক উজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 

















