
মো. ইব্রাহিম খলিল
পাবনা জেলা প্রতিনিধি :
২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার আটঘরিয়া উপজেলায় ১,৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, শীতকালীন পেঁয়াজের কন্দ এবং সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. নাজিম উদ্দীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, নুরে আলম, জাবর আলীসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, শীতকালীন পেঁয়াজের কন্দ এবং সার বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া পেঁয়াজ চাষের জন্য ১৬০ কেজি পেঁয়াজের কন্দ, ২০ কেজি এমওপি সার এবং ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিদুল ইসলাম বলেন, কৃষকদের মাঝে মানসম্মত বীজ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে রোপা আমন মৌসুমে উপজেলার খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
Reporter Name 


















