
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২২ জন উপকারভোগীর হাতে মোট ২ লাখ ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গোরস্থান ও স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পের জন্য আরও ১২ জনকে মোট ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপস্থিতিতে চেক বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। চেকপ্রাপ্ত আব্দুল মান্নান বলেন, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গোরস্থানের উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়েছিলাম। আজ সেই চেকটি হাতে পেলাম। আরেক উপকারভোগী আসাদুর রহমান জানান, সিন্দা গোরস্থানের প্রাচীর নির্মাণের জন্য দরখাস্ত করেছিলাম। আজ সেই অনুদানের চেক পেয়েছি। সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সরকার ২ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। সেই অর্থই পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। আরও অনেকগুলো তালিকা নেওয়া হয়েছে। তারাও কিছুদিনের মধ্যে বরাদ্দ পাবেন। জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, চিকিৎসা, মসজিদ-মন্দির নির্মাণ বা সংস্কারের জন্য এই অর্থ বরাদ্দ চলমান থাকবে। এপর্যন্ত আনুমানিক ২ কোটির অধিক অর্থ বিতরণ করা হয়েছে। ছয়টি উপজেলার মানুষকেই এই বরাদ্দের অর্থ প্রদান করা হবে। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের সামাজিক দায়বদ্ধতার অংশ। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
Reporter Name 



















