
নিজস্ব প্রতিবেদক :–
বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বৃদ্ধি করতে চাই। বর্তমানে আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা রয়েছে। ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত, অভিযান ও অন্যান্য কার্যক্রম রেকর্ডে রাখার ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা চেইন অব কমান্ড ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত।” তিনি টুরিস্ট পুলিশকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।”
Reporter Name 



















