
দৈনিক মাতৃজগত ডিজিটাল রিপোর্ট:– শারীরিক অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, “তিনি (মো. সাহাবুদ্দিন) শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। আমি তাঁর সুস্বাস্থ্য, দ্রুত আরোগ্য ও সার্বিক মঙ্গল কামনা করছি।”
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, “আমার মনে হয়, তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন।”
এর আগে, মো. সাহাবুদ্দিন সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত উল্লেখ করে লিখেছেন—
> “আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে। এর ফলে আমি মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়ি। এসব রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। তাই সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি।”
রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে সাংবিধানিক বিধান অনুসারে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
Reporter Name 


















