
দৈনিক মাতৃজগত ডিজিটাল রিপোর্ট:– বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে, পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই স্পিকারের সরকারি বাসভবনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য ও যানবাহন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রেক্ষাপটে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্পিকারের সরকারি বাসভবনের চারপাশে এসএসএফ সদস্যরা অবস্থান নিয়েছেন। বাসভবনের মূল ফটকে আর্চওয়ে স্থাপন করা হয়েছে এবং প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা হয়েছে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়।
রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) যানবাহন জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। একই সঙ্গে স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রোটোকল কার্যকর করা হয় এবং সংশ্লিষ্ট সব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
Reporter Name 



















