
নিজস্ব প্রতিবেদক:– গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে কনের বাবা মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মো. রাকিব (৩৪) কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে।
তদন্তে জানা যায়, মেয়েটি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জন্মনিবন্ধন যাচাই করে তার জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ পাওয়া যায়। এতে নিশ্চিত হওয়া যায়, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম বয়সসীমার অনেক নিচে থাকায় তার বিয়ে সম্পূর্ণ অবৈধ।
এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শুধু একটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত করে না, বরং তার স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যতের জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Reporter Name 


















