
মোঃইমরান হোসেন
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলা এন এস আইয়ের (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) তথ্যের ভিত্তিতে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিক্যাল সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মিলেনিয়াম হাসপাতালকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনবিহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে রোগীদের পরীক্ষা করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম বা অনুমোদনহীন কার্যক্রম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে অনিয়ম কমানোর পাশাপাশি রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।
Reporter Name 



















