
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় যাত্রী হিসেবে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুলনা মেট্রো-ড (১১-০৩০৭) নম্বরের ঘাতক ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ট্রাকচালক কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আল আমিন হোসেনকে আটক করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, চার বছরের নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 



















