
মোঃ জিহাদ তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেছেন মো. শাহজাহান মিয়া। সংবাদ সম্মেলনে চর মোজাম্মেল ও আশপাশের এলাকায় একটি চক্রের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। শনিবার (৮ আগস্ট) তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাহজাহান মিয়া, সদস্য সচিব (প্রস্তাবিত) উপজেলা যুবদল, তজুমদ্দিন, ভোলা। লিখিত বক্তব্যে শাহজাহান মিয়া দাবি করেন, চর মোজাম্মেল এলাকায় দলীয় দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দাবি, একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র এলাকায় কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টিতে ব্যর্থ হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, তাকে ও তার রাজনৈতিক অবস্থানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচার ও সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। শাহজাহান মিয়া বলেন, প্রকৃত ঘটনা জানতে সাংবাদিকরা যেন সরেজমিনে চর মোজাম্মেল এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় যুবদলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















