
নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উইনকোরেক্স কফ সিরাপসহ সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এএসআই মো. সবুজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভবেরবেড় গ্রামে আওয়ালের বাড়ির গেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন সুজন মোড়লকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে (৯৭) বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার কফ সিরাপ রয়েছে। উদ্ধার করা কফ সিরাপের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকায় মাদকের একটি চালান আসছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসআই সবুজ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুজন মোড়ল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার সুজন মোড়লকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
Reporter Name 


















