
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বক্তব্য ছড়িয়ে পড়ার পর এমপির বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার বসতবাড়ির আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সমালোচনা দেখা দিয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে নিজ সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে আমির হামজাকে বলতে শোনা যায়, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষ নাচে যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। এদিকে একই সময়ে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংসদ সদস্যের কয়েকশত নেতাকর্মীকে বাড়ির সামনে অবস্থান করতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে আমির হামজার দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। সেই বিরোধের জেরেই তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন বলে স্থানীয় সূত্রের দাবি। এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন বলেন, সংসদ সদস্যের নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও হতে পারে-এমন আশঙ্কার খবর পাওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
Reporter Name 


















