
এম এ মজিদ নওগাঁ নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলার মান্দা উপজেলায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ শ্রীমতী শেফালী রানী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মান্দা থানাধীন ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ ঋষিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত শেফালী রানী ওই গ্রামের মৃত নয়ন কুমারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দক্ষিণ নুরুল্লাবাদ ঋষিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি শেফালী রানীর বসতবাড়ির ঘরের চাতালের (চাং) ওপর বিশেষ কৌশলে রাখা ৪৬০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল আলামত হিসেবে জব্দ তালিকা মূলে জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















