
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের বাড়িতে গভীর রাতে একদল চোর হানা দেয়। চোরচক্রটি বাড়ির সদস্যদের দরজাকাপাট বাইরে থেকে বন্ধ করে গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে ঘরের ভেতর থেকে পরিবারের সদস্যরা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তালা ভেঙে তাদের উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী দ্রুত সংগঠিত হয়ে চোরদের সন্ধানে চারদিকে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাত ৩টার দিকে পার্শ্ববর্তী ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে চুরি যাওয়া গরুটিসহ দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে উত্তেজিত জনতা। গণপিটুনিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পাশাপাশি আহত চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Reporter Name 


















