
মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সদরপুর গ্রামের জামালের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে গাঁজা সুনামগঞ্জের দিকে নেওয়া হচ্ছে। পরে উপপরিদর্শক মোঃ আতাউর রহমান সজীবের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা মেট্রো-গ-১৩-০৬১৪ নম্বরের প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়ির পেছনের অংশ থেকে গেঞ্জি, স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৪০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে চারটি বড় প্যাকেটে ২০ কেজি এবং ২০টি ছোট প্যাকেটে আরও ২০ কেজি গাঁজা পাওয়া যায়। ডিজিটাল ওজন যন্ত্রে তাৎক্ষণিকভাবে গাঁজার ওজন নিশ্চিত করা হয়। অভিযানে গাঁজার পাশাপাশি ব্যবহৃত প্রাইভেটকার ও চালকের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার জাবেদ আহমদের সঙ্গে তার চাচা গুলজার মিয়া (৪০) ও দাদা সিরাজ মিয়াকে (৬৬) পলাতক আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, সিরাজ মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় আগের তিনটি মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য ২০ গ্রাম নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শান্তিগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Khan Salim Rah
Reporter Name 


















