
জয়নাল আবেদীন রাজু। স্টাফ রিপোর্টার বরগুনার তালতলীতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বশির মিয়া (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তালতলী উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন। বশির বরগুনা জেলার তালতলী উপজেলার নয়া মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বশির মিয়া শনিবার দুপুরে বাঁশ কেনার জন্য নলবুনিয়া কিল্লা এলাকায় যান। সেখানে একটি বাড়িতে গিয়ে তিনি ওই নারী ও তার নাতনিকে দেখতে পান। একপর্যায়ে বাঁশ কাটার জন্য দা প্রয়োজন বলে জানান বশির। ঘরে দা না থাকায় ওই নারীর নাতনিকে পাশের বাড়ি থেকে দা আনতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, নাতনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বশির ওই নারীকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে প্রলোভন দেখান। এতে ওই নারী রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে বশির সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। একপর্যায়ে তাকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে তালতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বশিরকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, তারা ওই নারীর চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে ছুটে যান। এ সময় বশিরকে পালিয়ে যেতে দেখে তারা ধাওয়া করে আটক করেন। অভিযোগকারী ওই নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে আমার সর্বনাশ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।” তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন বশির মিয়া। তার দাবি, তিনি ওই নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু কোনো ধরনের খারাপ কাজ করেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বশির মিয়া তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এক বৃদ্ধা নারীর সঙ্গে অনৈতিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বশির নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Reporter Name 



















