
মোঃ নুরুল আমিন জেলা ব্যুরো মানিকগঞ্জ হাইকোর্টের আদেশে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আওয়ামী লীগের ছয় ইউপি চেয়ারম্যান তাদের পদ ফিরে পেয়েছেন। গত সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনওর চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের ৭০০৩/২০২৫ নম্বর রিট পিটিশনের ১৪ মে ২০২৫ তারিখের নির্দেশনা, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং জেলা সরকারি আইন কর্মকর্তার (জিপি) আইনগত মতামতের পরিপ্রেক্ষিতে ছয় চেয়ারম্যানকে নিজ নিজ ইউনিয়ন পরিষদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, বাল্লা ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান এবং বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন খান কুন্নু। ইউএনওর চিঠির পর ইতোমধ্যে বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউনিয়নের চেয়ারম্যানরা দায়িত্ব বুঝে নিয়েছেন। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন জানিয়েছেন, তিনি বুধবার সন্ধ্যায় চিঠি পেয়েছেন এবং আগামী রবিবার দায়িত্ব গ্রহণ করবেন। হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, ‘চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছি। বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন খান কুন্নু। বলেন, ‘আজ দায়িত্ব গ্রহণ করেছি। ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান বলেন, ‘আজকে দায়িত্বভার গ্রহণ করেছি।’ হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিজা বীসরাত হোসেন বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ছয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।
Reporter Name 


















