
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং শঙ্খধ্বনি-বাদ্যযন্ত্রের আনন্দমুখর পরিবেশে পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শঙ্খ ও বাদ্যযন্ত্রের তালে তালে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা-বিগ্রহ নিয়ে বের হওয়া শোভাযাত্রাটিতে বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ ভক্ত অংশ নেন।কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উৎসবের এই বিশেষ মুহূর্তে উপস্থিত থেকে শুভকামনা জানান গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন শোভাযাত্রায় অংশ নিয়ে সার্বজনীন সম্প্রীতির আবহ তৈরি করেন। এদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মো. জাকির মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ। নিজ নিজ ব্যানার ও ভক্তদের বহর নিয়ে আয়োজনে সামিল হন গলাচিপা শ্রীগুরু সংঘের সভাপতি বাবু অসীম কর্মকার এবং লোকনাথ সংঘের সভাপতি পরান বণিক। পুরো আয়োজনজুড়ে পৌর শহরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আহ্বায়ক বাবু সুখরঞ্জন বণিক ও যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ পাল আগত অতিথি, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানান। শ্রীকৃষ্ণের শিক্ষা তুলে ধরে মন্দিরের পুরোহিত বাবু বাসুদেব চ্যাটার্জি বলেন, “শ্রীকৃষ্ণের আদর্শ ও জীবন দর্শন মানবজাতিকে সত্য, প্রেম ও শান্তির পথ দেখায়। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এই চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।” সনাতন ধর্মবিশ্বাসের আলোকেই মূলত অন্যায়-অধর্ম দূর করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই দ্বাপর যুগে দেবকী ও বাসুদেবের কোলে শ্রীকৃষ্ণের বিগ্রহ রূপ নিয়ে মথুরায় আবির্ভাব ঘটেছিল। সেই সুপ্রাচীন বার্তা ও সম্প্রীতির শিক্ষা মনে ধারণ করে শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপনের সমাপ্তি ঘটে
Reporter Name 



















