
নজরুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ সর্বোচ্চ মেডেল অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স হলরুমে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেটের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, উশু একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী আত্মরক্ষামূলক খেলা। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের তরুণ ক্রীড়াবিদরা যেভাবে মেধা ও ক্রীড়ানৈপুণ্যের স্বাক্ষর রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সাফল্য সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন এ সময় উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট হোল্ডার ও জাতীয় জাজ কোচ আলমগীর হোসাইন, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, সহকারি প্রশিক্ষক আজিজুল হক, চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড় মাছুম আহমদ হৃদয় এবং মো. সুহাইল আহমদ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক, স্থানীয় ক্রীড়ানুরাগী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের বিজয়ী খেলোয়াড়দের হাতে সম্মাননা ট্রফি, সার্টিফিকেট ও মেডেল তুলে দেন। এ সময় খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়। চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশ নেবে সিলেটের ৭ খেলোয়াড় এদিকে চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেটের জন্য এসেছে আরও একটি সুখবর। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘৮ম চায়না এম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অংশগ্রহণের লক্ষ্যে দল ঘোষণা করেছে চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেট। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করতে চাইনিজ উশু ফাইটার স্কুলের একটি দল অংশ নেবে। সিলেটের দলটি জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ‘দলগত তাউলু উশু প্রদর্শন’ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। মনোনীত সাত খেলোয়াড় হলেন—মো. তোফায়েল হোসেন, মো. আরাফাত হোসেন, মো. রিফাত হোসেন, জোনাকী তানহা, নুসরাত জাহান নদী, সাজনিন আক্তার সাদিয়া, মিশ্রাত জাহান আনিসা ও রাইয়ান ইসলাম সাইদ। উশু দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মো. জাকির আহমদ এবং কোচের দায়িত্বে থাকবেন শরীফা আক্তার হেনা। সম্প্রতি স্থানীয় প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করা দলটি জাতীয় পর্যায়েও সিলেটের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। জাতীয় এ আসরে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে দলের খেলোয়াড়রা কঠোর অনুশীলন সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন দলের কার্যনির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন
Reporter Name 



















