
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি আহসান হাবীব বিদ্যুতের সঙ্গে সংঘটিত নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেন। সংবাদ সংগ্রহের সময় একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, বাধা প্রদান কিংবা কোনো ধরনের হেনস্তা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্য অধিকার প্রতিষ্ঠার ওপরও সরাসরি হুমকি। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার দায়িত্বে থাকা গ্রাম পুলিশের কোনো সদস্য যদি একজন কর্মরত সাংবাদিকের সঙ্গে এমন ন্যাক্কারজনক আচরণে জড়িত থাকেন, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্যকে দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধা সৃষ্টি কিংবা হেনস্তা করার সাহস না পায়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি। সাংবাদিকের ওপর হামলা বা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
Reporter Name 



















