
সিনিয়র রিপোর্টার: মো. রাকিবুল ইসলাম সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি-র সভাপতিত্বে সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, বিভিন্ন পর্যায়ের কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সাংবাদিকদের সততা, নৈতিকতা, পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে। সময়ের সঙ্গে গণমাধ্যম ও প্রযুক্তির পরিবর্তনের কারণে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে বিভাজন নয়, ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রয়োজন। দেশের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে সক্রিয় করার আহ্বান জানান তিনি। সভায় নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান মোল্লা, এ কে আজাদ, মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ রাব্বি মোল্লা ও এম আর ক্রেসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোসাঃ আসিয়া আক্তার, সহসভাপতি মো. আব্দুল মজিদ, মো. আতিকুর রহমান আজাদ, মো. মনজুরুল হক, শিহাব উদ্দিন আহমেদ টিপু ও সিকদার আরিফুল আলম টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী পর্ষদের সদস্য ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি সাংবাদিক আলহাজ্ব ফিরোজ আহমেদ এবং সহসাধারণ সম্পাদক আব্দুস সালাম কামরুল। সভা সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব মো. মামুনুর রশিদ। বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিয়মতান্ত্রিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে জাতীয় সাংবাদিক সংস্থাকে সাংবাদিক সমাজের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেন ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৪ বছরের পথচলায় সংগঠনটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
Reporter Name 


















