
এম এ মজিদ নওগাঁ: নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। রবিবার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৫টায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত ও অননুমোদিত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি পরিবহনের চালকের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে গাড়িগুলো থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল। পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে জেলাজুড়ে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
M.A.
Reporter Name 



















