
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোসাঃ হাজেরা (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৬ সেপ্টেম্বর) গলাচিপা থানার এসআই মোঃ মাসুদুর রহমান রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার টোল ঘর সংলগ্ন হাজেরা বেগম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হাজেরা বেগমকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বাড়ি স্থানীয় ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় এবং তিনি বাচ্চু মাতুব্বরের স্ত্রী। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “গলাচিপা থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। মাদকের সাথে কোনো ধরনের আপস নেই। সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক কারবারি কিংবা মাদকসেবী—যেকোনো অপরাধীর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এই ধরণের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।” ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ: ০৭-০৯-২০২৬). আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 



















