
মোঃ মিল্টন আলী সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার-৭১-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. মালেকের আমবাগানে হাবিলদার মো. আবুল হাসানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় আমবাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা ভারতীয় মদ আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহ
Reporter Name 



















