
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসাদুজ্জামান রুবেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯:৪৫ ঘটিকায় গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার রামু সাহার বাসার সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ জনৈক মোঃ আনোয়ার হোসেনের বসতঘরের পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানে আসাদুজ্জামান রুবেলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসাদুজ্জামান রুবেল গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মৃত নান্না মিয়া ও মোসাঃ শাহানারা বেগমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উক্ত ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনি ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং২৭, তারিখ: ০৮/০৯/২০২৬. আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাদক নির্মূলে গলাচিপা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















