
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। এতে বিপথগামী হচ্ছে তরুণ ও যুবসমাজ, একইসঙ্গে বিঘ্নিত হচ্ছে সামাজিক শান্তি ও পারিবারিক স্থায়িত্ব। পানপট্টিকে মাদকমুক্ত করে সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক এর কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন এলাকার সচেতন নাগরিকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের কাছে পানপট্টি ইউনিয়নের সচেতন নাগরিকদের পক্ষে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিয়াদ হোসেন সই করেন। স্মারকলিপিতে পানপট্টি ইউনিয়নের বর্তমান মাদক পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। স্থানীয়দের দাবি, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার উঠতি বয়সের তরুণরা প্রতিনিয়ত বিপথগামী হচ্ছে, যা সার্বিক জননিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত ও কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। এলাকার সচেতন নাগরিকদের পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— – ইউনিয়নের মাদকপ্রবণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে নিয়মিত ও আকস্মিক অভিযান পরিচালনা করা। – মাদক কেনাবেচা ও সরবরাহে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা। – অবৈধ আড্ডা ও মাদকের রুট বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা এবং যুবসমাজকে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়। পানপট্টিকে মাদকমুক্ত করতে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। জানা গেছে, প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে এই স্মারকলিপির অনুলিপি গলাচিপা থানার অফিসার ইনচার্জ এবং পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
Reporter Name 



















