
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারির সীসা গলানোর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং প্রয়োজনীয় মালামাল জব্দ করা হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় ও ত্রিশাল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। অভিযান চলাকালে পরিবেশের জন্য ক্ষতিকর ও অনুমোদনহীনভাবে পুরাতন ব্যাটারির সীসা গলানোর কার্যক্রম পরিচালনার বিষয়টি চিহ্নিত করা হয়। পরে অবৈধ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং প্রয়োজনীয় মালামাল জ*ব্দ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিশাল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে পরিচালিত ব্যাটারি গলানোর কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়দের মতে, পুরাতন ব্যাটারি থেকে সীসা গলানোর মতো কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
Reporter Name 


















