
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহায়তায় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সামনের একটি বহুতল অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুন রশিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রশিক্ষণরত) মো. শাহেদ হোসেন বলেন, “সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এখানে একটি অবৈধ স্থাপনা থাকার কারণে দীর্ঘদিন ধরে রাস্তার কাজ ব্যাহত হচ্ছিল। নিয়মানুযায়ী নোটিশ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য পূর্বে সময় দেওয়া সত্ত্বেও তারা স্থাপনা সরায়নি। আজ অভিযানে এসেও মালামাল সরানোর জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়। মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার পরপরই সফলভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া ইট-রডসহ ভবনের অন্যান্য অবশিষ্টাংশ সরিয়ে নিতে এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার জায়গা দখল করে যারা ব্যবসা বা স্থাপনা গড়ে তুলেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
আজহারুল
Reporter Name 



















