
মোঃ রবিউল হাসান, স্টাফ রিপোর্টার পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরার আমতলা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ৬৮ নম্বর ওয়ার্ড এবং ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষও অংশ নেন। বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, ক্রমবর্ধমান নগরায়নের কারণে রাজধানীতে সবুজের পরিমাণ কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। তারা বলেন, একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ নয়, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বাড়বে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Reporter Name 


















