
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে তিন মাসব্যাপী এক বিশেষ সামাজিক আন্দোলন। গলাচিপা পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একাধারে পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অভিযানের উদ্বোধনী আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গলাচিপা মাধ্যমিক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে নিজেই পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। নিজ হাতে গলাচিপা উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার করে তিনি নাগরিক দায়িত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এ সময় নিজের ভাবনা ব্যক্ত করে ইজাজুল হক বলেন, “কেবল সভা, মিছিল কিংবা র্যালির মধ্যে সীমাবদ্ধ থাকলে এডিস মশা বা ডেঙ্গু দমন সম্ভব নয়। মূল চাবিকাঠি হলো আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা। নিজ ঘরবাড়ির আঙিনা, চারপাশ, মহল্লা এবং সর্বোপরি প্রিয় জন্মভূমিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এ দেশের প্রতিটি নাগরিকের।” তিনি আরও যোগ করেন, “কোনো একটি নির্দিষ্ট দিনে দেখানোর খাতিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে কোন স্থায়ী লাভ হবে না। আমাদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার চর্চাকে অভ্যাসে পরিনত করতে হবে। তবেই কেবল আমরা নানা রোগ-জীবাণুর হাত থেকে রক্ষা পাব এবং একটি সুন্দর, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারব।” সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রনে রাখতে হলে এডিস মশার বংশবিস্তারের উৎস ধ্বংস করা ছাড়া বিকল্প নেই। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের চারপাশে জমে থাকা পানি নিষ্কাশন এবং পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পৌরসভা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ডেঙ্গুমুক্ত শহর গড়ার এই লক্ষ্য বাস্তবায়নে আগামী তিন মাসজুড়ে গলাচিপা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা ড্রাইভ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 



















