
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মো. দিদারুল ইসলাম জিকু (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুশুরিকাঠী এলাকায় এ অভিযান চালানো হয়। গলাচিপা থানার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল স্থানীয় শাহআলম মৃধার বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে বাড়ির রান্নাঘর থেকে মাদকদ্রব্যসহ জিকুকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত জিকু ওই এলাকার শাহআলম মৃধার ছেলে। এ ঘটনায় সোমবার গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৩৬) দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, মাদকের বিস্তার রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এলাকায় মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Reporter Name 


















