
মোঃ মিল্টন আলী সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। অভিযানে ১৬ হাজার ২৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হলেও এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। ৫৮ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদরের একটি টহল দল সীমান্ত পিলার-৬৭/১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. শামীমের আমবাগানে অভিযান চালায়। হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার করা ওষুধগুলো গণনা করে মোট ১৬ হাজার ২৬০ পিস পাওয়া যায়। জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৭৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৫৮ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 


















