
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাহক হয়রানি বন্ধ, প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় গোদাগাড়ীর ভাইংপাড়া গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, কর্মসূচিতে গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবি জানানো হবে। এ ছাড়া বিদ্যুৎ সংকটের জনভোগান্তির সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও রয়েছে। কর্মসূচিতে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মী ও সাধারণ গ্রাহকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সমাবেশে আহ্বায়ক হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন বিশ্বাস। তিনি নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী, রাজশাহীর সভাপতি এবং বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিতি। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে। দাবিগুলো হলো— ১. গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগ বন্ধ এবং প্রিপেইড মিটার বাতিল। ২. সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ৩. বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা। ৪. বিদ্যুৎ সংকটের জনভোগান্তির সমাধান করা। ৫. বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা। ৬. বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করা। আহ্বানেঃ- অ্যাড. মো: সালাহ উদ্দিন বিশ্বাস সভাপতি, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী, রাজশাহী ও যুগ্ম আহবায়ক, বিদ্যুৎ প্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।
Reporter Name 


















