
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন অডিটরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সাতক্ষীরা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলিল লেখকেরা অংশ নেন। সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা আধুনিকায়নের বিপক্ষে নই। আমরা চাই রেজিস্ট্রেশন ব্যবস্থা আধুনিক হোক। তবে আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে দলিল লেখকদের পেশাগত অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করেই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকেরা ভূমি নিবন্ধনসংক্রান্ত কাজে যুক্ত থেকে সরকারি রাজস্ব আদায়ে ভূমিকা রেখে আসছেন। তাঁদের কাজের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ যুক্ত। তাই দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়ন করা প্রয়োজন। বক্তারা বলেন, দলিল প্রতি ৫ হাজার টাকা সম্মানী তাঁদের ন্যায্য অধিকার। একই সঙ্গে লাইসেন্সবিহীন ব্যক্তি ও দালালদের মাধ্যমে দলিলের মুসাবিদা ও দাখিল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বাবু, ইসলামকাটি-তালা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, ৭ দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবর রশীদ ও মো. বদরুদ্দোজা, কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি খান ইকবাল হোসেন এবং সখিপুর-দেবহাটা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ আলম। দলিল লেখকদের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়া; উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া; উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ; পেশাগত কারণে দলিল লেখকদের হয়রানিমূলক মামলায় আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া। সংগঠনের নেতারা জানান, সাত দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে এর আগে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে দেশের অন্যান্য জেলাতেও কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন।
Reporter Name 


















