
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে বাল্যবিয়ের আয়োজন ভণ্ডুল করে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গা যুবককে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকে এ ঘটনা ঘটে। এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে ২৫ নম্বর আলীখালী এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক তানভিরুল ইসলাম পিপিএমের নির্দেশে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখানে থাকা ১৪ বছর বয়সী হান্দাসা, পিতা আব্দুল গাফফার, ক্যাম্প-১৭ বালুখালীর বাসিন্দাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সফিকুর রহমান (১৯) ও নুরুল আমিন (২৮) নামে দুই যুবককে আটক করা হয়। সফিকুর রহমান ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের ডি/১৫ ব্লকের বাসিন্দা এবং নুরুল আমিন ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের ৮১ নম্বর ব্লকের বাসিন্দা। পরে আটক দুজনকে ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহারিয়ার বিন মান্নানের কাছে উপস্থাপন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সফিকুর রহমানকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং নুরুল আমিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক দুজনকে দণ্ড কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Reporter Name 


















